জামালপুরের দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্যসহ মো. শামীম মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার ডালবাড়ী গ্রামের সাবেক বিপ্লব কমিশনারের বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামীম মিয়াকে আটক করা হয়। তিনি পৌরসভার ডালবাড়ী গ্রামের মো. কালু মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় শামীম মিয়ার কাছ থেকে তিনটি Pentadol ট্যাবলেট, একটি সিরিঞ্জ (সুই) ও একটি ব্লেড জব্দ করা হয়।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পর্যালোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) নম্বর দফায় অপরাধ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



