মো রামু মিয়া, দেওয়ানগঞ্জ, জামালপুর :
জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মো. বজলুল হক।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক লিখিত প্রতিবাদে বজলুল হক দাবি করেন, তাকে ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি বলেও দাবি করেন তিনি।
বজলুল হক জানান, তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগকারীদের বিমাতা ছোট ভাই শহীদুলের কাছ থেকে তিনি জমি ক্রয় করে দলিল ও নামজারি (খারিজ) সম্পন্ন করেছেন। তার দাবি, ওই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন অভিযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এরপরও তার বিরুদ্ধে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বজলুল হক এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্ট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযোগকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



