Skip to content
September 30, 2026
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে কলাকান্দা ঝাপরবিলে খাল খনন উদ্বোধন

দেওয়ানগঞ্জে কলাকান্দা ঝাপরবিলে খাল খনন উদ্বোধন

নুর হাকিম সিদ্দিকী হাসান
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা ঝাপরবিলে দীর্ঘদিনের দাবির পর খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) খননকাজের উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ জহুরুল ইসলাম।
দীর্ঘদিন খালটি ভরাট থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে আশপাশের কৃষিজমিতে পানি জমে থাকায় সময়মতো চাষাবাদ করতে পারতেন না কৃষকরা। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তেন তারা।
এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগ ও প্রচেষ্টায় খাল খননের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন হলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিজমিতে জলাবদ্ধতা কমবে। একই সঙ্গে দীর্ঘদিন অনাবাদি থাকা জমি চাষাবাদের আওতায় আসার পাশাপাশি ফসল উৎপাদন বাড়বে বলে আশা করছেন তারা।
উদ্বোধন অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (সাদা), বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছইম উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন (মাস্টার), সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকরা বলেন, খননকাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের পাশাপাশি কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published.