Skip to content
September 30, 2026
জাতীয়

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী, শপথ নিলেন মঈন খান-পার্থসহ চারজন

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী, শপথ নিলেন মঈন খান-পার্থসহ চারজন

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামালপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান তিনি।
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।
রাশেদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন।
অন্যদিকে সাচিং প্রু জেরি বান্দরবান আসনের সংসদ সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক।
রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ শেষে রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Leave a Comment

Your email address will not be published.